বার্নপুরে সম্বর্ধনা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে তৃণমূলকে তোপ, মমতা ও অভিষেক বন্দোপাধ্যায়কে আক্রমণ অগ্নিমিত্রা পালের, ” আইন সবার জন্য সমান”
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বার্নপুরে রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের উদ্যাগে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সংবর্ধনা দেওয়া হয়। রবিবার বিকেলে ক্লাবে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।সেখানে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোন বা মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের আইন ও সংবিধানের ঊর্ধ্বে কেউ নন। সব অভিযোগের তদন্ত হবে। তাতে দোষী প্রমাণিত হলে শাস্তিও পাবেন অভিযুক্তরা।অগ্নিমিত্রা পাল আরো বলেন, একজন হোমিওপ্যাথি চিকিৎসককে দিয়ে অ্যালোপ্যাথির চিকিৎসা করানো হয়েছে সেবাশ্রয়ে নিয়ে গিয়ে।














যা শুধু আইনবিরুদ্ধ নয়, একটা অপরাধ। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না।তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, অতীতে সুযোগ থাকা সত্ত্বেও তিনি মরিচঝাঁপি বা একুশে জুলাইয়ের মতো ঘটনায় প্রকাশ্যে প্রতিবাদ করেননি। এখন কেন এসব বিষয় সামনে আনা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন রাজ্যের মন্ত্রী।সাম্প্রতিক রাজ্যে ঘটে যাওয়া একাধিক নারী নির্যাতনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, নারী নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। পাশাপাশি বিদ্যুতের ল্যাম্পপোস্টে কারেন্ট লিকেজ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।নির্বাচন কমিশন প্রসঙ্গেও মন্তব্য করে অগ্নিমিত্রা পাল দাবি করেন, তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। সেই কারণে তৃণমূল কংগ্রেসের নেতারা নানা ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ পিসি মাজি, বাপ্পা চট্টোপাধ্যায় ও পবন গুটগুটিয়া।


