ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডালে চৌবাচ্চায় বিশালাকার ষাঁড় পড়ে বিপত্তি উদ্ধারে বিজেপি কর্মীরা

.*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* চৌবাচ্চায় পড়ে যাওয়া একটি ষাঁড়কে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন এলাকায় বিজেপি কর্মীরা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত চাঁচনী ভুঁইয়াপাড়ায়। দুটি ষাঁড়ের লড়াইয়ের জেরে একটি বিশালাকার ষাঁড় হঠাৎ করেই এলাকার খোলা একটি চৌবাচ্চায় পড়ে যায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সেটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অন্ডালের চাঁচনী ভুঁইয়াপাড়ায় এদিন সকাল আনুমানিক ৭টা নাগাদ দুটি ষাঁড়ের মধ্যে আচমকা লড়াই শুরু হয়।

লড়াই করতে করতে চাঁচনী ভুঁইয়াপাড়ার একটি গভীর চৌবাচ্চার কাছাকাছি চলে আসে দুটি ষাঁড়। আচমকাই তার মধ্যে একটি বড় ষাঁড় ভারসাম্য হারিয়ে সেই গভীর চৌবাচ্চায় পড়ে যায়। চৌবাচ্চার গভীরতা বেশি থাকায় ষাঁড়টির পক্ষে নিজে থেকে উঠে আসা অসম্ভব হয়ে পড়ে।ঘটনার পরই উদ্ধার কাজের জন্য ইসিএল , বনবিভাগ এবং স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলেও দীর্ঘক্ষণ তাদের কোনো দেখা মেলেনি বলে অভিযোগ।

এমতাবস্থায় ষাঁড়টির প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয় বিজেপির নেতা ও কর্মীরা। চৌবাচ্চার কংক্রিটের দেওয়াল ভেঙে এবং কোদাল দিয়ে মাটি কেটে একটি ঢালু রাস্তা তৈরি করেন তারা। দীর্ঘক্ষণের অক্লান্ত পরিশ্রমে অবশেষে ষাঁড়টিকে কোনো বড় ক্ষতি ছাড়াই উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী সময়ে ষাঁড়টিকে ছেড়ে দেওয়া হয়।এই প্রসঙ্গে বিজেপির রানিগঞ্জ মণ্ডল ৩ সহ-সভাপতি রজনীশ দাস বলেন, সকাল ৭টা ১০ নাগাদ আমরা যখন কাজ করে ফিরছিলাম, তখন দেখি দুটো ষাঁড় লড়তে লড়তে চৌবাচ্চার সামনে চলে আসে। তার মধ্যে একটা বড় ষাঁড় এই চৌবাচ্চায় পড়ে যায়।

আমরা ইসিএল, বন দপ্তর এবং ফাঁড়িতে ফোন করলেও প্রথমে কেউ সাড়া দেয়নি। এরপর ভারতীয় জনতা পার্টির কর্মীরা এসে মাটি ও কংক্রিট কেটে রাস্তা বানিয়ে ষাঁড়টিকে সুরক্ষিতভাবে বাইরে বের করে আনেন।এলাকার খোলা চৌবাচ্চা বা ম্যানহোল যে কোনো সময় বড় বিপদের কারণ হতে পারে, তা অন্ডালের এই ঘটনাটি আবারও প্রমাণ করল। তবে স্থানীয়দের এই তৎপরতা এবং সহমর্মিতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষেরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *