ASANSOL

নদী থেকে বালি পাচারের অভিযোগে গ্রেফতার এক কারবারি , কাঁকসায় চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অজয় নদী থেকে বালি পাচারের অভিযোগে কাঁকসার বিদবিহার এলাকার বাসিন্দা অজয় হাড়িকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। কাঁকসা থানার পুলিশ তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই অজয় নদীর একাধিক ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন এই অজয় হাড়ি। অভিযোগ, বিদবিহার, বনকাটি সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক্টর ও ডাম্পারের মাধ্যমে বালি বিভিন্ন জায়গায় পাঠানো হতো।

এছাড়াও বিভিন্ন স্থানে অবৈধভাবে বালি মজুত রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।এই গ্রেফতারিকে ঘিরে কাঁকসা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন কারবার চললেও এতদিন কেন প্রশাসনের কড়া পদক্ষেপ দেখা যায়নি? বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই এতদিন এই অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চলেছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। অজয় হাড়ির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তদন্তকারী আধিকারিকরা।অজয় নদী থেকে বালি পাচারকে ঘিরে এই গ্রেফতারির পর এলাকায় অবৈধ বালি কারবারের বিরুদ্ধে আরও বড় অভিযান হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *