ASANSOL

আসানসোলে নবরূপে সাজানো ” বিদ্যাসাগর আর্ট গ্যালারি ” র উদ্বোধনে মন্ত্রী ও বিধায়ক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের বিএনআর মোড়ের অদূরে স্টেট ব্যাঙ্কের বিপরীতে ” বিদ্যাসাগর আর্ট গ্যালারি”কে নতুন করে সাজানো হয়েছে। রবিবার সন্ধ্যায় নবরূপে সাজানো সেই আর্ট গ্যালারির উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতে কেটে সেই আর্ট গ্যালারির উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ছিলেন আসানসোল পুরনিগমের প্রশাসক তথা পুর কমিশনার দিলীপ মিশ্র সহ অন্যান্যরা।

ফিতে কাটার পরে মন্ত্রী আর্ট গ্যালারিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, বেশ দিন আগে জানতে পারি বিদ্যাসাগর আর্ট গ্যালারি ঠিক নেই। এরপর আমি সঙ্গে সঙ্গে আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্রকে গোটা বিষয়টি দেখার জন্য বলি। তিনি সঙ্গে সঙ্গে এই আর্ট গ্যালারি সংস্কারের কাজ শুরু করেন।

মাত্র কয়েকদিনের মধ্যেই এর সংস্কারের কাজ শেষ করা হয়েছে। একটা আর্ট গ্যালারিতে যা, থাকার কথা, তা সব এখানে আছে। আশা করি, আসানসোল শহরের পাশাপাশি শিল্পাঞ্চলের শিল্পীরা এখানে এসে নিজেদের শিল্প প্রতিভা তুলে ধরবেন। বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের সব দপ্তর সর্বস্তরের মানুষের জন্য কাজ করছে, তার এটাই প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *