এবার বুলডোজার চললো বার্নপুরের প্রায় ৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহী সিনেমা হলে দখলমুক্ত অভিযান সেল আইএসপির
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার ইস্পাত নগরী বার্নপুরে সেল আইএসপি বা ইস্কো কারখানার জমি দখলমুক্ত করার অভিযান অব্যাহত রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই রবিবার বার্নপুরের প্রায় ৬০ বছরের পুরনো একটি ঐতিহ্যশালী বার্নপুর সিনেমা হল বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। স্বাভাবিক ভাবেই সেল আইএসপি কতৃপক্ষের এই অভিযানের পরে বার্নপুরের মানুষদের আবেগে কিছুটা হলেও ধাক্কা লেগেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্নপুর সিনেমা হলটি বন্ধ ছিল। তবে একসময় এটি ছিল বার্নপুরের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র।














বুলডোজারের আঘাতে ভবনটি মাটিতে মিশে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আবেগে ধাক্কা ও হতাশার সৃষ্টি হয়। বহু প্রবীণ বাসিন্দা বলেন, আমাদের জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে এই সিনেমা হলকে ঘিরে। একসময় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে এখানে বহু জনপ্রিয় সিনেমা দেখেছেন তাঁরা বলে জানান।রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক পরেই সেল আইএসপি কর্তৃপক্ষ বার্নপুরে তাদের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়, ক্লাব এবং অন্যান্য নির্মাণ ভাঙার অভিযান চালাচ্ছে।
সেই ধারাবাহিকতায় আইএসপির জমিতে থাকা এই পুরনো সিনেমা হলটির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে।তবে স্থানীয়দের একাংশের মতে, এত পুরনো ও ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি না ভেঙে ফেলার পরিবর্তে সংরক্ষণ করে কমিউনিটি হল বা জনস্বার্থমূলক কোনও কাজে ব্যবহার করা যেতে পারতো । তাঁদের দাবি, এই সিনেমা হলের সঙ্গে বার্নপুর ও আশপাশের এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্য জড়িয়ে ছিল।সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষের তরফে এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


