ASANSOL

প্রকাশ্য দিবালোকে অন্ডালে সোনার দোকানে চুরির চেষ্টা, পুলিশের ও স্থানীয়দের তৎপরতায় পাকড়াও চোর

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* একেবারে প্রকাশ্য দিবালোকে সোমবার আনুমানিক বেলা সাড়ে এগারোটা নাগাদ অন্ডাল মোড়ের উখড়া অন্ডাল রাস্তার পাশে কুণ্ডু মার্কেটে একটি সোনার দোকানে গ্রাহক সেজে এসে সোনার নাকের নথ চুরি করে পালালো চোর। দোকান মালিকের চিৎকারে আশেপাশের মানুষেরা সঙ্গে সঙ্গেই চোরকে ধাওয়া করে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে অন্ডাল থানার ওসি প্রীতম পালের নেতৃত্বে পুলিশ বাহিনী। এলাকার একটা ঝোপের মধ্যে আত্মগোপন করে থাকা চোরকে পাকড়াও করে পুলিশ ও স্থানীয় লোকজনেরা। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনা প্রসঙ্গে দোকান মালিক শ্রীকান্ত পাল বলেন, চোরটি কোথাকার ঠিক জানা নেই। তবে অপরিচিত মুখ। এদিন সকাল এগারোটা নাগাদ গ্রাহক সেজে দোকানে এসে আমাকে বলে একটা নাকের সোনার নথ দেখাতে। শ্রীকান্তবাবু আরো বলেন, সোনার নথ তাকে দেখাতেই সঙ্গে সঙ্গেই সেটা হাতে নিয়ে দৌড়ে পালায়। তার পিছু ধাওয়া করে স্থানীয় লোকজনেরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ।

স্থানীয় লোকজনের চেষ্টায় ঐ যুবককে ঝোপের ভেতর থেকে আটক করা হয়। উদ্ধার হয় তার পকেটে থাকা চুরি করে নিয়ে পালানো নাকের নথটিও। পুলিশ ঐ যুবককে পাকড়াও করে থানায় নিয়ে যায়। পুলিশের তৎপরতায় খুশি অন্ডাল এলাকার ব্যবসায়ী মহল।পুলিশ জানায়, ঐ যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *