শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবস পালন কুলটিতে যুব ক্রীড়া উৎসবের আয়োজন .
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস উপলক্ষে সোমবার কুলটি ক্লাব রোড সংলগ্ন কেসিসি গ্রাউন্ডে অনুষ্ঠিত হল যুব ক্রীড়া উৎসব ২০২৬। উৎসবকে ঘিরে সকাল থেকেই উৎসাহ ও উদ্দীপনায় ভরে ওঠে গোটা এলাকা।অনুষ্ঠানের সূচনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।














উৎসব উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। উপস্থিত দর্শকরাও অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দার।

তিনি যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।উৎসবের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজের মধ্যে শারীরিক সক্ষমতা, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটাতেই এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে।


