ASANSOL

অবিলম্বে বকেয়া বিল মেটানোর দাবি আসানসোলে পিএইচই দপ্তরে ঠিকাদারদের অবস্থান বিক্ষোভ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কয়েক বছর ধরে কাজ করার পরেও বিল মিটিয়ে দেওয়া হয়নি। অবিলম্বে সেই বকেয়া বিল মেটানোর দাবিতে সোমবার আসানসোলের ইসমাইলে পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পিএইচইর ঠিকাদাররা। ঠিকাদারদের অভিযোগ, জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পের কাজের বিল দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। তার পরিমাণ কয়েক কোটি টাকা। বারবার আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত সেই টাকা মেলেনি।সামনেই দুর্গাপুজো। তার আগে বকেয়া বিল পরিশোধ না করা হলে আর্থিক সমস্যার মুখে পড়তে হবে বলে এদিন দাবি করেছেন ঠিকাদাররা।

তাঁদের বক্তব্য, বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করার পরও দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা।অন্যদিকে, বিষয়টি নিয়ে আসানসোল পিএইচই দপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেন, ঠিকাদারদের বকেয়া বিল সংক্রান্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঠিকাদারদের সমস্যার কথা মাথায় রেখে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *