দুর্গাপুরের আবাসনের মিটার রুমে ভয়াবহ আগুন, আতঙ্ক
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাতসকালে ইলেকট্রিক মিটার রুম থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকার নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টে। সোমবারের সকালে আচমকাই এই আগুন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে গোটা আবাসনে। খবর পেয়ে দমকলকর্মীরা ছুটে আসেন। তারা সবক ভালো করে খতিয়ে দেখেন।আবাসিকদের অভিযোগ, আবাসনের বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, আবাসনের বাইরে দিয়ে হাই-টেনশন লাইনের মোটা কেবল যাওয়ার পাশাপাশি নির্দিষ্ট লাইনে তুলনামূলক বেশি লোডের সংযোগ রয়েছে।













একাধিক ফ্ল্যাটে একইসঙ্গে একাধিক এসি-সহ বিভিন্ন ভারী বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের ফলে বিদ্যুৎ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলেও অভিযোগ। মিটার রুমে আগুন লাগার জেরে সাময়িকভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। ঘটনায় আবাসিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হলেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।তবে এদিনের এই অগ্নিকাণ্ডের পরে আবাসনের বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আবাসিকদের আশঙ্কা, বিদ্যুৎ ব্যবস্থায় অতিরিক্ত লোড বা নিরাপত্তার কোনও ঘাটতি থেকে থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
তাই দ্রুত বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।এই প্রসঙ্গে দমকলের এক আধিকারিক বলেন, এই আবাসনের মিটার রুমে আগুন লেগেছিলো। আমরা আসার আসেই আবাসিকরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ করেন। তারপর আমরা সবকিছু খতিয়ে দেখেছি। কোন সমস্যা নেই।

