দুর্গাপুরে প্রস্তুতি সভা ২১ জুলাই থেকে ঘুরে দাঁড়ানোর ডাক কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ঝড় আসুক, বৃষ্টি নামুক, বাধা যতই থাকুক, পিছু হটব না। ২১ জুলাই কলকাতার শহীদ মিনারে হতে চলা কংগ্রেসের সমাবেশ থেকেই দলের ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার।মঙ্গলবার দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে আয়োজিত শহীদ মিনার চলো প্রস্তুতি সভায় কংগ্রেসের রাজ্য সভাপতি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ২১ জুলাইয়ের সমাবেশ কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোলা আকাশের নিচেই সভা হবে। প্রকৃতির প্রতিকূলতা বা অন্য কোনও বাধার কারণে এই কর্মসূচি বন্ধ হবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যতই ঝড়-বৃষ্টি বা বাধা আসুক, কেউ সভাস্থল ছেড়ে যাবেন না।














পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে শুভঙ্কর সরকার বলেন, “পশ্চিম বর্ধমান থেকে অন্ততঃ ৯ হাজার মানুষ চাই। একজনও যাতে কম না হয়, তা আপনারাই নিশ্চিত করবেন।তিনি আরও বলেন, দেশ ও রাজ্যকে বাঁচাতে হলে কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। মানুষ আমাদের পাশে রয়েছে এবং ক্রমশ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমাদের আন্দোলন আরও জোরদার হচ্ছে।সমাবেশের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, যেখানে সভা হওয়ার কথা, সেখানে আমরা অনেক আগেই আবেদন করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আরও কয়েকটি রাস্তা দিয়ে মিছিল আসবে। সেই সব রাস্তায় ১৬৩ ধারা শিথিল করার আবেদনও জানানো হবে।

আমাদের সভা কোনও রাস্তা বন্ধ করে নয়, নিয়ম মেনেই অনুষ্ঠিত হবে।বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজেপির জনবিরোধী কাজের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক প্রতিবাদ চলবে।এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী সহ রাজ্য ও জেলার অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এদিনের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো মানুষ কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান কংগ্রেসের রাজ্য সভাপতি।


