ASANSOL

দুদিন ধরে ভারী বর্ষণ, জলে ভাসলো পান্ডবেশ্বরের বিস্তীর্ণ এলাকা, সমস্যায় গ্রামবাসীরা

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রবল নিম্নচাপের জেরে দুদিন ধরে ভারী বর্ষণ । আর সে কারণেই জলে ভাসলো পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম মুসলিম পাড়ার মসজিদ এলাকা। মসজিদের পাশে রয়েছে একটি আইসিডিএস কেন্দ্র। দুদিনের বর্ষণের জেরে আইসিডিএস কেন্দ্র প্রায় জলে ডুবে যায়। আর সে কারণে কেন্দ্রে আসেনি ছাত্র-ছাত্রী। দুশ্চিন্তায় আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই নবগ্রাম এলাকা একটু বৃষ্টি হলেই জলে ভাসে।

চরম সমস্যা ভোগ করতে হয় গ্রামবাসীদের। বিশেষ করে নবগ্রামের মুসলিম পাড়া এলাকাটি নিচু হওয়ায় এই এলাকায় জল জমে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তাছাড়াও এলাকায় নেই সঠিক নিকাশি নালার ব্যবস্থাও। স্থানীয় বাসিন্দা শেখ রফিক বলেন, একটু বৃষ্টি হলেই জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের। ফলে নালার জল রাস্তায় উঠে আসায় মসজিদে নামাজ পড়তে যাওয়াই বন্ধ হয়েছে।

কেননা নোংরা জলে পা দিয়ে নামাজ পড়া যায়না। এলাকায় আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা শেখ রুকসানা বলেন, প্রচন্ড বৃষ্টির কারণে রান্নাবান্নার সমস্যা হচ্ছে। আর রাস্তার রাস্তার উপর হাঁটু জল হয়ে যাওয়ায় ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে আসছে না।কবে হবে নবগ্রামের এই জল নিকাশি ব্যবস্থার সমস্যার সমাধান? সে দিকে তাকিয়ে এই এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *