তৃণমূল কার্যালয়ে উদ্ধার ভোজালি ও তলোয়ার , মিললো সাদা থান, দুর্গাপুরে চাঞ্চল্য তদন্ত শুরু পুলিশের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের কমলপুর এলাকায় একটি দীর্ঘদিন তালাবন্ধ থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বড় ভোজালি সহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হলো। মিলেছে সাদা থানও। মঙ্গলবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।














বিজেপি নেতা ও কর্মীদের উপস্থিতিতে পুলিশ অস্ত্র উদ্ধারের পরে তদন্ত শুরু করেছে।এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের এই কার্যালয়টি দীর্ঘদিন ধরে অসামাজিক ও অবৈধ কার্যকলাপের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

তাদের দাবি, উদ্ধার হওয়া ধারালো অস্ত্রগুলি সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতা এবং কর্মীদের ভয় দেখানোর উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল। পাওয়া গেছে সাদা থান। এই থান আমাদের দলের নেতা ও কর্মীদের বাড়ির সামনে রেখে দেওয়া হতো। দীর্ঘদিন ধরে এই কার্যালয়টি বন্ধ ছিলো। এদিন সকালে এই কার্যালয়টি একজন খুলে দিয়ে যায়। বিজেপি নেতারা বলেন, কোন রাজনৈতিক দলের অফিস বা ক্লাব দখল করা আমাদের কালচার নয়। এই কার্যালয়ের চাবি পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


