ASANSOL

দেওয়া হলো একাধিক প্রস্তাব আসানসোলের উন্নয়নে একাধিক বনিকসভার সঙ্গে বৈঠকে আড্ডার সিইও

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও তথা আসানসোল পুরনিগমের প্রশাসক অদিতি চৌধুরী আসানসোলের উন্নয়ন এবং কিভাবে আসানসোলকে যানজট মুক্ত করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য আসানসোলের সমস্ত বনিকসভা বা চেম্বার অফ কমার্সের সাথে একটি বৈঠক করেন। মঙ্গলবার আসানসোলে আড্ডা ভবনের কনফারেন্স হলে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব বিনোদ গুপ্তা, ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকির সভাপতি শচীন রায়, আসানসোল চেম্বার অফ কমার্সের সচিব শম্ভুনাথ ঝাঁ , আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিরেন ব্যাস, আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী অমিত পাল ছাবড়া এবং আরও অনেক ব্যবসায়ী।

আসানসোলকে কিভাবে যানজটমুক্ত করা যায় এবং এর উন্নয়নকে ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে বিভিন্ন চেম্বারের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ও আসানসোল পুরনিগমের কাছে বেশ কিছু প্রস্তাব পেশ করা হয়।এই প্রসঙ্গে শচীন রায় বলেন, জিটি রোডের বিকল্প হিসেবে একটা ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এসবি গরাই রোডের উপর চাপ কমানোর জন্য আসানসোল জেলা হাসপাতালের পেছনে রেললাইনের কাছে চারলেনের একটি রাস্তা তৈরির কথা বলা হয়েছে।

আগে এইরকম একটা রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিলো। কিন্তু তা আর পরবর্তী সময়ে আর হয়নি। আসানসোল শহরের সবচেয়ে বড় সমস্যা হলো পার্কিং। সেই কারণে একটি বহুতল স্পাইরাল পার্কিং প্লাজা তৈরি করে এই সমস্যা দূর করা যেতে পারে। বিনোদ গুপ্তা বলেন, আমাদের তরফেও বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন যে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও বলেছেন, এই রকম বৈঠক প্রতি মাসে করা হবে, যাতে আসানসোল শহরের উন্নয়ন ত্বরান্বিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *