দুর্গাপুরে সরকারি জমিতে ক্লাব ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বাদানুবাদ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়:* সরকারি জমি দখল করে তৈরি হয়েছে ক্লাব ঘর। তা ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার আধিকারিকদের। একইসাথে, এই ক্লাবঘর নিয়ে বিবাদ ও বাদানুবাদে জড়িয়ে পড়ে বিজেপির দুই পক্ষের নেতা ও কর্মীরা। মঙ্গলবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কোকওভেন থানার করঙ্গপাড়ায় সংলগ্ন পিসিবিএল রোডে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকেও।














দুর্গাপুরের করঙ্গপাড়া এলাকায় যুবশক্তি স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে সরকারি জমির উপর রয়েছে। সেই ক্লাব থেকেই তৃণমূল কংগ্রেসের দলীয় কাজকর্ম চলতো বলে অভিযোগ। এলাকার বিজেপি নেতা সৌম্য কেশ, সমীর বাউরি অভিযোগ করে বলেন, ৪ মের আগে এই ক্লাব থেকে তৃণমূলের কর্মকান্ড চলতো। তৃণমূলের প্রার্থী এই ক্লাবে আসতেন এবং নানান জিনিস বিতরণ করতেন। তারপর হঠাৎ করে এই ক্লাবের লোকেরা বিজেপি হয়ে যায়।
তারপরে রাতারাতি ক্লাবের রংও বদলে যায়। পাল্টা আরেক বিজেপি কর্মী রাজু নায়কের দাবি, যদি ভাঙতেই হয় তাহলে আরো একাধিক দোকান, ক্লাব রয়েছে সেগুলো কেউ ভাঙতে হবে। কিন্তু ব্যক্তি হিংসার জন্য আমাদের ক্লাবটিকে ভেঙে দেওয়া হল। আমরা প্রতিবাদ করতে গেছিলাম বলে আমাদের ঠেলে সরিয়ে দেওয়া হলো।
আমরাও দীর্ঘদিন ধরে বিজেপি করছি। কিন্তু চার তারিখের পর যারা বিজেপি হয়েছে তারাই এদিন গন্ডগোল করছে।তবে শেষ পর্যন্ত নতুন সরকারের বুলডোজার ভেঙে গুঁড়িয়ে দিল যুব শক্তি স্পোর্টিং ক্লাব।এদিকে আড্ডার তরফে বলা হয়েছে, সরকারি জমিতে এই ক্লাবটি ছিলো, তাই এদিন তা ভেঙে দেওয়া হয়েছে। শুধু এটা নয়, আগামী দিনে সরকারি জমিতে বেআইনি ভাবে সবকিছুই ভেঙে দেওয়া হবে।


