অন্ডাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি “বাংলার শিল্প খরা কাটতে চলেছে”, দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের
*বেঙ্গল মিরর, অন্ডাল ( পশ্চিম বর্ধমান), রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার শিল্পায়ন নিয়ে বার্তা দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি দাবি করেন, শুধু গত ১৫ বছরের নয়, বাংলায় কয়েক দশকের শিল্প খরা কাটতে চলেছে। বাংলায় শিল্পায়নের নতুন যুগের সূচনা হয়েছে।মন্ত্রী আরো বলেন, গত তিন মাসে একের পর এক নতুন শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন শিল্প নিয়ে কোনও সুপরিকল্পিত উদ্যোগ না থাকলেও বর্তমানে রাজ্য সরকার শিল্প, পরিকাঠামো ও কর্মসংস্থানকে সমান গুরুত্ব দিয়ে এগোচ্ছে।














তাপস রায় বলেন, সরকারের লক্ষ্য শুধু নতুন শিল্প গড়ে তোলা নয়, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা। তাঁর কথায়, বহু মানুষ কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছেন। রাজ্যের লক্ষ্য, সেই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনে এখানেই কর্মসংস্থানের ব্যবস্থা করা। যাতে তাঁরা পরিবারের সঙ্গে থেকে জীবিকা নির্বাহ করতে পারেন। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীর ‘বিকশিত বাংলা’ এবং প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’-এর ভাবনাকে সামনে রেখেই শিল্পোন্নয়নের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।
অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, এই বিমানবন্দরকে ঘিরে ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের একাধিক শহরে বিমান পরিষেবা চালু থাকলেও আগামী দিনে নতুন রুট সংযোজন ও যাত্রী পরিষেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব পর্যাপ্ত জমি থাকায় পরিকাঠামো সম্প্রসারণেও কোনও সমস্যা হবে না বলেই তিনি এদিন দাবি করেন। প্রসঙ্গতঃ, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্ডাল বিমানবন্দর থেকে চপারে বাঁকুড়া যান। সেখানে তিনি শ্যামসেলের নতুন কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্প মন্ত্রী সহ রাজ্যের একাধিক মন্ত্রী। বিমানবন্দরে মুখমন্ত্রীকে স্বাগত জানান পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার সহ জেলার বিজেপি বিধায়করা।

