জন্ম-মৃত্যু শংসাপত্রে জালিয়াতি ? আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিস ও দুর্গাপুর নগর নিগমে পুলিশের হানা সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল
*বেঙ্গল মিরর, কুলটি ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিসে জন্ম ও মৃত্যু নিবন্ধন বা বার্থ এন্ড ডেথ রেজিষ্ট্রেশন বিভাগে পুলিশে কুলটি থানার পুলিশ বৃহস্পতিবার অভিযান চালায়। পুলিশের এই অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তকারী পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন নথি, রেজিস্টার ও নথিভুক্ত তথ্য খতিয়ে দেখেন। পাশাপাশি দপ্তরের কর্মীদের সঙ্গেও কথা বলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের নির্দেশে জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে।














তদন্তের স্বার্থে বেশ কিছু নথি যাচাই করা হয়েছে।হঠাৎ পুলিশের উপস্থিতিতে কুলটি বোরো কার্যালয়ে কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় কোনও অনিয়ম বা জালিয়াতির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, সমস্ত নথি ও তথ্য খতিয়ে দেখার পরই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ফলে এই ঘটনায় আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে চলা তদন্তের অংশ হিসেবে দুর্গাপুর নগর নিগমেও জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত নথি খতিয়ে দেখা শুরু হয়েছে দুর্গাপুর থানার পুলিশের তরফে।
শংসাপত্রে কোনও ধরনের গরমিল বা অনিয়ম রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পুলিশের সহযোগিতায় সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছেন। বিভিন্ন রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।প্রাথমিক সূত্রের খবর, তদন্তে যদি কোনও অসঙ্গতি বা অনিয়মের তথ্য সামনে আসে, তবে তার বিস্তারিত রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হবে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হবে না বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।এদিকে, রাজ্য জুড়ে পুরসভা ও পঞ্চায়েতগুলিতে জন্ম-মৃত্যুর শংসাপত্র জালিয়াতি রুখতে পুলিশের জোরদার তল্লাশি অভিযান শুরু হওয়া নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।বৃহস্পতিবার আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক স্বার্থে জন্ম ও মৃত্যুর শংসাপত্র বিলি নিয়ে বিপুল দুর্নীতি হয়েছে।
অযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সীমান্ত জেলাগুলিতে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বেআইনিভাবে শংসাপত্র পাইয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।অগ্নিমিত্রা পাল আরো বলেন, এই জালিয়াতি রুখতে রাজ্য মন্ত্রীসভা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই শংসাপত্র দেওয়ার বর্তমান নিয়ম ও অনুমোদন প্রক্রিয়ায় দ্রুত বড় পরিবর্তন আনা হচ্ছে বলে অগ্নিমিত্রা পাল এদিন জানিয়েছেন।

