Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

যন্তর মন্তরে লাঠিচার্জের প্রতিবাদে রানীগঞ্জে ভীম আর্মির বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে পথ অবরোধ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : দিল্লির যন্তর মন্তরে ছাত্র-ছাত্রী ও যুব সদস্যদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শনিবার আসানসোলের রানীগঞ্জে বিক্ষোভে সামিল হল ভীম আর্মির সদস্যরা। দেশের বিভিন্ন প্রান্তে চলা প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে বীর শহীদ ভগৎ সিংয়ের মূর্তির পাদদেশে ১১ টা থেকে শুরু হয় এই আন্দোলন।ভীম আর্মির ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু ছাত্র-ছাত্রী ও যুবক-যুবতী অংশ নেন।

হাতে প্ল্যাকার্ড ও স্লোগান তুলে তারা যন্তর মন্তরের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তোলেন।বিক্ষোভকারীদের দাবি, দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তারা।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ভীম আর্মির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি কানাইয়া রাম। তিনি অভিযোগ করেন, ছাত্র-যুবকদের ন্যায্য আন্দোলন দমনে লাঠিচার্জ গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *