জেরায় মিলল তথ্য মুর্শিদাবাদে কুলটি পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক বিক্রেতা
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর এলাকায় ২৪ গ্রাম হেরোইন সহ গ্রেফতার হয়েছিলো ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি পাপ্পু আনসারি। তাকে জিজ্ঞাসাবাদ করেই এবার বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদের লালগোলায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইন পাচারচক্রের সঙ্গে যুক্ত দুই মাদক বিক্রেতাকে রবিবার গ্রেফতার করলো কুলটি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই নিয়ামতপুর এলাকায় পাপ্পু আনসারি ও তার স্ত্রীকে ২৪ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছিলো ।














পরে আসানসোল জেলা আদালতের নির্দেশে পাপ্পুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হলে মাদক পাচারচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে।সেই সূত্র ধরেই গত ২২ জুলাই মুর্শিদাবাদের লালগোলায় অভিযান চালায় কুলটি থানার পুলিশ। সেই অভিযানে মঞ্জুর আলি ও সাদ্দাম হুসেন নামে দুই হেরোইন বিক্রেতাকে গ্রেফতার করা হয়। ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে আদালত তাদেরও পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
তদন্তকারী পুলিশ আধিকারিকরা এখন জানতে চেষ্টা করছেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে হেরোইন সংগ্রহ করা হতো, কিভাবে পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলায় তা সরবরাহ করা হতো। পাশাপাশি এর পেছনে কোনও বড় আন্তঃজেলা বা আন্তঃরাজ্য মাদক পাচারচক্র সক্রিয় রয়েছে কি না তাও পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে।পুলিশের দাবি, গোটা মাদক পাচার নেটওয়ার্ককে ভেঙে দিয়ে এর সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তদন্তের স্বার্থে ধারাবাহিক অভিযান ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

