Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

সাকশন মেশিনে আসানসোল শহর পরিষ্কারের উদ্যোগ পুরনিগমের জল চুরিতে এফআইআরের হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের

*বেঙ্গল মিরর, আসানসোল , রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহরকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে অত্যাধুনিক সাকশন-জেট ক্লিনিং মেশিন আনলো আসানসোল পুরনিগম। বুধবার বিকেলে আসানসোল পুরনিগমে এক অনুষ্ঠানে এই মেশিনের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।এই উদ্যোগের কথা জানিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, কমিশনার, সচিব সহ পুরনিগমের আধিকারিকদের উপস্থিতিতে এদিন এই বিশেষ গাড়ির ব্যবহার চালু করা হলো। রাস্তার ধারে জমে থাকা ময়লা জেট ও সাকশন প্রযুক্তির মাধ্যমে দ্রুত পরিষ্কার করা হবে, যাতে শহরের রাস্তা সবসময় পরিচ্ছন্ন থাকে।

মন্ত্রী আরো বলেন, আসানসোল শহরের পাশাপাশি পুর এলাকার যেখানে যেখানে বেশি ময়লা জমে, সেখানেই এই মেশিন ব্যবহার করা হবে। আপাতত একটি মেশিন দিয়ে কাজ শুরু হলেও ভবিষ্যতে আরও এমন মেশিন আনার পরিকল্পনা রয়েছে। শহরের বড় রাস্তা, বাজার এলাকা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই মেশিন দিয়েবপরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজ চলবে।অগ্নিমিত্রা পাল বলেন, পুর প্রশাসন শহরকে পরিষ্কার রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

তবে নাগরিকদেরও সচেতন হতে হবে। মানুষ যত বেশি সচেতন হবেন, ততই শহরকে পরিচ্ছন্ন রাখা সহজ হবে।এদিন জল চুরির বিরুদ্ধে আবারও কড়া হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী বলেন, মূল জল সরবরাহ লাইনে অবৈধ সংযোগ নেওয়া, পাইপ ফুটো করে জল চুরি করা বা মোটর বসিয়ে এলাকার জল নিজের বাড়িতে তুলে নেওয়ার মতো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমন ঘটনার প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সকলের জন্য সমানভাবে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তাই নাগরিকদেরও নিয়ম মেনে চলা এবং জল অপচয় ও জল চুরি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *