ASANSOL

আসানসোল পুরনিগমের ‘আমরুত’ প্রকল্পের নকশায় ত্রুটি, পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর বৈঠকে আলোচনা দ্রুত সংশোধনের নির্দেশ

*বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে এবং নাগরিক পরিষেবাকে আরো উন্নত করার পরিকল্পনা গ্রহণ করতে মঙ্গলবার এক উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল পুরনিগমে হওয়া এই বৈঠকে রাজ্য ‘আমরুত’ মিশনের অধিকর্তা হাসিন জেরা রিজবি, আসানসোল পুরনিগমের সদ্য দায়িত্ব পাওয়া পুর কমিশনার দিলীপ মিশ্র সহ পুরনিগমের ও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।এদিনে এই বৈঠকে কেন্দ্রের ‘আমরুত’ ২.০ প্রকল্পের অধীনে পানীয় জল সরবরাহ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পর্যালোচনায় উঠে আসে যে, এই জল প্রকল্পের পরিকল্পনা ও নকশাগত ত্রুটির কারণেই তা বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

কোথাও পাইপলাইন বসা হলেও জল পৌঁছাচ্ছে না। আবার কোথাও প্রকল্পের নকশায় গলদ থাকায় ধীরগতিতে চলছে কাজ। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, বিগত দিনে কোটি কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও ভুল ইঞ্জিনিয়ারিং ও প্রশাসনিক গাফিলতির জন্য শহরের বহু মানুষ এখনও পানীয় জল থেকে বঞ্চিত। এই সমস্ত পরিকল্পনা ও নকশাগত ত্রুটি বা গলদ দ্রুত চিহ্নিত করে আগামী ১৫ আগস্টের মধ্যে রিভাইজড ডিজাইন চড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

যাতে পূর্ব নির্ধারিত মার্চ ২০২৭ ডেডলাইনের মধ্যেই পুরো কাজ শেষ করা সম্ভব হয়। তিনি আরো বলেন, আসানসোল পুরনিগম এলাকায় পানীয় জলের পাশাপাশি ড্রেনেজ, রাস্তাঘাট, স্ট্রিট লাইট এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, আসানসোলের ৭৭টি কমিউনিটি সেন্টার পরিচালনা ও বুকিংয়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনিয়ম রুখতে কড়া পদক্ষেপের কথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

তিনি আরো বলেন, পুরসভার সম্পত্তি থেকে রাজস্ব সংগ্রহ, বাজার ও হোর্ডিং ফি এবং কমিউনিটি হলের বুকিং প্রক্রিয়া পুরোপুরি অনলাইন ব্যবস্থার মধ্যে আনার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৩০ বছরের চাহিদার কথা মাথায় রেখে একটি স্বচ্ছ ও আধুনিক নাগরিক পরিকাঠামো গড়ে তুলতে সমস্ত দফতরকে যৌথ সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এদিন জানিয়েছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *