PANDESWAR-ANDAL

চুরির তদন্তে নেমেই পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার ৪৮ লক্ষ টাকা, উৎস খুঁজতে তদন্তে পুলিশ

বেঙ্গল মিরর, ।সার্থক কুমার দে, দুর্গাপুর : পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর থানার গৌড়বাজার সংলগ্ন চন্দ্রডাঙা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা “পদ্ম ইট ভাটা” থেকে নগদ প্রায় ৪৮ লক্ষ টাকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । এত বিপুল পরিমাণ নগদ অর্থ সেখানে কীভাবে এল, কারা তা লুকিয়ে রেখেছিল এবং টাকার প্রকৃত মালিক কে—এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখ গৌরবাজার গ্রামের পশ্চিমপাড়ায় এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় তদন্ত চলছিল । সেই তদন্তের সূত্র ধরেই মঙ্গলবার পুলিশ পরিত্যক্ত ঐ ইটভাটায় তল্লাশি চালায় । তল্লাশির সময় সেখান থেকে একটি কালো রঙের ট্রলি ব্যাগের ভিতর উদ্ধার হয় ৪৮ লক্ষ টাকা । এরপরই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে ।এই ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে ।

বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অসৎ উপায়ে বিপুল অর্থ উপার্জন করেছিল অনেক নেতা । তাঁর বক্তব্য, খোঁজ নিয়ে জানাতে পারছি, ওই ইট ভাটায় একসময় বিভিন্ন নেতার যাতায়াত ছিল । বিজেপি সরকার আসার পর দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় ভয় পেয়ে কেউ ওই টাকা সেখানে লুকিয়ে রেখে থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন ।

অন্যদিকে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার উৎস, প্রকৃত মালিক এবং এর সঙ্গে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । তদন্তের স্বার্থে সব দিক খোলা রেখেই এগোচ্ছে পুলিশ । উল্লেখ্য, কয়েক দিন আগেই পার্শ্ববর্তী বীরভূম জেলায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একাধিক আস্তানা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার অলঙ্কার উদ্ধারের ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছিল । তারই মধ্যে পশ্চিম বর্ধমানে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে নানা জল্পনা ও প্রশ্নের জন্ম দিয়েছে ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *