ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে মিনিবাস চালকের উপর প্রাণঘাতী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, সালানপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া-কল্যাণেশ্বরী রোডে দেন্দুয়া হাসপাতালের কাছে মোটরবাইক আরোহী একদল যুবক এক মিনিবাস চালকের ওপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা বাসটিকে জোরপূর্বক থামিয়ে চালককে নির্মমভাবে মারধর করে, যার ফলে মিনিবাস চালক গুরুতর আহত হন বলে জানা গেছে। বৃহস্পতিবার হওয়া এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে , ঘটনার সময় মিনিবাসটি মাইথন থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। বাসের খালাসি বলেন, দেন্দুয়া – কল্যানেশ্বরী রোডে দেন্দুয়া হাসপাতালের কাছে আচমকাই দুটি মোটরবাইক করে ৩/৪ জন যুবক এসে বাসের সামনে আসে।

তারা নিজেদের মোটরবাইক বাসের সামনে দাঁড় করিয়ে দেয়। বাস থামতেই দুষ্কৃতিরা চালককে টেনে হিঁচড়ে নামিয়ে আনে। তারা কয়েক মিনিটের মধ্যে চালককে বেপরোয়াভাবে মারধর করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।ঘটনার খবর পাওয়া মাত্রই কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত চালককে উদ্ধার করে প্রথমে স্থানীয় পিঠাকিয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায তাঁকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত (রেফার) করা হয়।

বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই এই হামলার সামান্য একটু অংশ একটি ভিডিও ভাইরাল হয়েছে।যেখানে বাইক আরোহী যুবকদের স্পষ্টতই মিনিবাস চালকের ওপর হামলা চালাতে দেখা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ জানায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *