বাংলা পক্ষ-এ ভাঙন, পাণ্ডবেশ্বরে ৫০ সদস্যের গণইস্তফা
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি রক্ষার দাবিতে গড়ে ওঠা অরাজনৈতিক সংগঠন ‘বাংলা পক্ষ’-এ ভাঙন । শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় সংগঠনের প্রায় ৫০ জন সদস্য গণইস্তফা দিয়েছেন বলে দাবি করা হয়েছে । হরিপুরে বিধায়ক কার্যালয়ে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির উপস্থিতিতে তাঁরা সংগঠন থেকে ইস্তফা দেন ।














ইস্তফা দেওয়া সদস্যদের দাবি, বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার যে উদ্দেশ্যে তাঁরা সংগঠনে যুক্ত হয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই আশঙ্কা অনেকটাই দূর হয়েছে । তাঁদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন । পাশাপাশি পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিও বিধানসভায় হিন্দি মাধ্যম স্কুলগুলিতে বাংলা ভাষা পড়ানোর দাবি তুলেছেন ।
বাংলা পক্ষের জেলা কমিটির সদস্য ভাস্কর মুখার্জির দাবি, সংগঠনে থেকে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার কাজ করলেও পরবর্তীকালে তাঁদের রাজনৈতিকভাবে বিজেপি বিরোধিতায় সক্রিয় হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল । তিনি বলেন, তাঁরা কোনও রাজনৈতিক দলের ‘দাবার ঘুটি’ হতে চান না । সেই কারণেই এই গণইস্তফার সিদ্ধান্ত ।
অন্যদিকে, গণইস্তফা দেওয়া সদস্যদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি । তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি প্রাধান্য পাওয়াটাই স্বাভাবিক । সেই কারণে বাংলা পক্ষের সদস্যদের গণইস্তফার সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানাচ্ছেন । তবে ৫০ সদস্যের এই গণইস্তফার ঘটনায় সংগঠনের অভ্যন্তরে কতটা প্রভাব পড়বে, এখন সেটাই দেখার।


