বৃষ্টির হাত থেকে সাফাইকর্মীদের রক্ষায় ছাতা বিলি দুর্গাপুরের বিজেপির মহিলা মোর্চার
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বর্ষার মরশুমে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা সাফাইকর্মীদের পাশে দাঁড়াল দুর্গাপুর বিজেপির ৩ নম্বর মহিলা মোর্চা। বৃষ্টির হাত থেকে তাঁদের রক্ষা করতে সাফাইকর্মীদের হাতে ছাতা তুলে দিলেন মহিলা মোর্চার সভানেত্রী বনানী চট্টোপাধ্যায় সহ মহিলা কর্মীরা। শনিবার দুর্গাপুর নগর নিগমের ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডের সাফাইকর্মীদের মধ্যে মোট ৫০টি ছাতা বিতরণ করা হয়। প্রতিদিন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করেন এই কর্মীরা।














তাঁদের সেই পরিষেবা ও পরিশ্রমের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।মহিলা মোর্চার সভানেত্রী বনানী চট্টোপাধ্যায় বলেন, এই বর্ষায় যারা বাড়ি বাড়ি গিয়ে নোংরা-আবর্জনা সংগ্রহ করেন, তাঁদের বৃষ্টির হাত থেকে কিছুটা স্বস্তি দিতেই আমরা ছাতা বিতরণ করেছি। আমাদের সরকার চাইছে কোনও জায়গায় যাতে নোংরা-আবর্জনা জমে না থাকে।
প্রতিদিন যাতে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা হয়, সেই কাজের সঙ্গে যুক্ত সাফাইকর্মীরা বর্ষায় যাতে সমস্যায় না পড়েন, সেই কথা মাথায় রেখেই ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডের ৫০ জন সাফাইকর্মীর হাতে ছাতা তুলে দেওয়া হয়। ছাতা পেয়ে সাফাইকর্মীরাও খুশি। তাঁদের বক্তব্য, প্রতিদিন বৃষ্টি-রোদ উপেক্ষা করে কাজ করতে হয়। বর্ষার সময় এই ছাতা তাঁদের কাজে অনেকটাই সুবিধা দেবে।


