আসানসোলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ২২শে শ্রাবণ ” কথায় গানে কবিগুরু স্মরণ”
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন যুব আবাসে শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস ২২শে শ্রাবণ পালন করা হয়। ” কথায় গানে কবিগুরু স্মরণ” শীর্ষক এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানে জেলাশাসক, আসানসোল উত্তরের বিধায়ক এবং অন্যান্যরা বলেন , কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক বহুমুখী প্রতিভা।














তাঁর কাজ ও জীবন আজও আমাদের অনুপ্রাণিত করে। তাঁরা বলেন , রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবন ও কর্মের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন। আমরা ভাগ্যবান যে এমন একটি দেশ ও রাজ্যে জন্মগ্রহণ করেছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন।

তিনি আমাদের বিকাশে সহায়তা করেছেন, একই সাথে আধুনিকতাকে গ্রহণ এবং আমাদের শিকড়কে সম্মান করার মাধ্যমে একাত্মতার এক গভীর অনুভূতি শিখিয়েছেন। তাঁর শিক্ষা ও কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে। তাঁরা আরো বলেন , কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর ছাপ রেখে গেছেন।পরে ২২শে শ্রাবণে বিশ্বকবির স্মরণে আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যান স্কুল, মনিমালা গার্লস হাইস্কুল ও বার্নপুরের সুভাষপল্লী স্কুলের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।


