অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে প্রেমপাল সিং
বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরে রাম সিংয়ের ছেলে তৃণমূল কংগ্রেসের নেতা প্রেমপাল সিংকে অন্ডাল কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই গ্রেফতারির ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশের তরফে বলা হয়েছে , অবৈধ বালি ব্যবসা সংক্রান্ত মামলায় এই গ্রেফতারি হয়েছে। ধৃতকে শুক্রবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হবে। স্বাভাবিক ভাবেই, প্রাক্তন বিধায়কের ছেলের গ্রেফতার হওয়ার খবরে জেলা তথা শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।














উল্লেখ্য , গত ৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই প্রেমপাল সিং পলাতক ছিলেন। এর আগে, জামুড়িয়া থানার পুলিশ এর আগে প্রেমপাল সিংয়ের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই তল্লাশিতপ সেখান থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ দীর্ঘদিন ধরে তার খোঁজ করছিল। পুলিশের তরফে বলা হচ্ছে, প্রাক্তন বিধায়কের ছেলে অন্ডাল বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশ তাকে ধরে ফেলে।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে হারার পর থেকে হরেরাম সিংকেও এলাকায় দেখা যাচ্ছে না।





