শ্রমিক নিয়োগ ঘিরে কাঁকসায় বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব, হাতাহাতি-ভাঙচুর, এলাকায় উত্তেজনা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে বিজেপির আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ এলাকা। শ্রমিক নিয়োগের দখল কার হাতে থাকবে, তা নিয়ে ৪ মে,র পর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল চাপানউতোর। বৃহস্পতিবার সেই বিবাদ গড়াল হাতাহাতি, ভাঙচুর এবং আহতের ঘটনায়।এক গোষ্ঠীর অভিযোগ, ৪ মে ‘র পর থেকেই বিজেপির নাম ভাঙিয়ে কয়েকজন নেতা এলাকায় তোলাবাজি চালাচ্ছেন এবং বহিরাগতদের কাজে ঢোকানো হচ্ছে।














এর প্রতিবাদ করতেই এলাকার আদি বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরের পাশাপাশি মহিলাদের গায়েও হাত দেওয়ার অভিযোগ উঠেছে।বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌমেন কোনারের অভিযোগ, তৃণমূলের কয়েকজন নেতা ৪ মে’ র পর রাতারাতি বিজেপির পরিচয় নিয়ে এলাকায় দাদাগিরি ও তোলাবাজি চালাচ্ছেন।

বিষয়টি দলের জেলা নেতৃত্ব এবং পুলিশকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা। তাঁর পাল্টা দাবি, তৃণমূলের একাংশই রাতারাতি বিজেপি সেজে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। বিজেপিতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেও দাবি করে তাঁর বক্তব্য, দুর্নীতিগ্রস্তরা নিজেদের বাঁচাতে বিজেপির নাম ব্যবহার করছে।শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে শাসক দলের দুই পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজবাঁধ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ জানায়, ঠিক কি ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।





