আসানসোল পার্ক পরিষ্কারে জোর, শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব করার উদ্যোগ পুরনিগমের
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ১৯ নং জাতীয় সড়কের কালিপাহাড়ি থেকে আসানসোল শহরে ঢোকার মুখে জিটি রোডের উষাগ্রামে রাস্তার দু’পাশে আসানসোল পুরনিগমের তৈরি বিভিন্ন পার্কের সাফাই করে পরিষ্কার ও পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সেই কাজ সরেজমিনে পরিদর্শন করেন আসানসোল পুর কমিশনার দিলীপ মিশ্র । পার্কগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে করার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।পরে পুর কমিশনার বলেন, শহরে ৪০টিরও বেশি পার্ক রয়েছে। প্রতিটি পার্কের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের উপর নজর রাখা হচ্ছে।














কাজের অগ্রগতির রিপোর্টও নেওয়া হচ্ছে। শুধু পার্ক নয়, শহরের সমস্ত গুরুত্বপূর্ণ পাবলিক স্পেসকেও পরিচ্ছন্ন ও সুন্দর করে তোলার পরিকল্পনা রয়েছে পুরনিগমের।তিনি আরো বলেন, পুরনিগমের শহরের সমস্ত পাবলিক স্পেসকে ‘পাবলিক ফ্রেন্ডলি’ করে তোলাই লক্ষ্য। যাতে সাধারণ মানুষ সেখানে নিশ্চিন্তে বসতে পারেন।
যাতায়াত করতে পারেন, নিরাপদ বোধ করেন এবং অবসর সময়ে বিনোদনের সুযোগ পান। সেই লক্ষ্যেই পার্ক ও অন্যান্য জনসাধারণের ব্যবহারের জায়গাগুলিতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।পুর কমিশনারের কথায়, শুধু একটি-দুটি পার্ক নয়, শহরের সমস্ত পার্ক ও জনসাধারণের ব্যবহারের স্থানকে ধাপে ধাপে আরও সুন্দর, পরিষ্কার, নিরাপদ এবং সাধারণ মানুষের উপযোগী করে তোলার কাজ চলবে।






