ASANSOLRANIGANJ-JAMURIA

জামুরিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের ৬ দিনের পুলিশ হেফাজত

*বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও চরণ মুখার্জিঃ* পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ তাকে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে গ্রেফতার করে। পরে তাকে জামুড়িয়া থানার হাতে তুলে দেওয়া হয় । অবৈধ বালি ব্যবসা সংক্রান্ত একটি মামলায় পুলিশ বিধায়কের ছেলেকে গ্রেফতার করে। প্রসঙ্গতঃ, রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন প্রেমপাল সিং।পুলিশ এর আগে তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলো।

যেখান থেকে প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার করা হয়েছিল। তারপর থেকেই প্রেমপাল সিংকে খুঁজছিল পুলিশ।জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ডাল বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই সময় অন্ডাল থানার পুলিশ খবর পেয়ে তাকে বিমানবন্দর থেকেই গ্রেফতার করে। পরে তাকে জামুড়িয়া থানার হাতে তুলে দেওয়া হয়। আরো জানা গেছে,গ্রেফতারের পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

পুলিশের তরফে মামলার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃত প্রেমপাল সিংকে শুক্রবার আসানসোল আদালতে পেশ করে জামুড়িয়া থানার পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতকে প্রাথমিক জেরা করা হয়েছে।

এবার হেফাজতে নিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য প্রমাণ জানার চেষ্টা করা হবে। এই প্রসঙ্গে জামুড়িয়া বিজেপি বিধায়ক ডাঃ বিজন মুখোপাধ্যায় এদিন বলেন, প্রাক্তন বিধায়কের ছেলের বিরুদ্ধে জামুড়িয়ার সাধারণ মানুষের অনেক অভিযোগ রয়েছে। গত ৫ বছরে সে জামুড়িয়ার সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করেছে।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে অনেক দূর্নীতিরও অভিযোগ রয়েছে। তাকে বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করেছে। পাপের ফল তো সবাইকেই ভোগ করতে হয়। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রকাশ্য জনসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে প্রেমপাল সিংয়ের কথা বলে হরেরাম সিংকে সতর্ক করেছিলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *