ASANSOL

আয়ুষ্মান দিবস’, পালনের অনুষ্ঠান আসানসোলে পশ্চিম বর্ধমানে প্রথম দিনেই ৪৩ হাজার কার্ড বিলি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রবীন্দ্র ভবনে রবিবার পালিত হল ” আয়ুষ্মান দিবস”। একইসাথে এদিন ” আয়ুষ্মান ভারত কার্ড” বিতরণ কর্মসূচিও হয়।১৬ আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে ঘোষণা করে রাজ্য জুড়ে এই কর্মসূচি করা হয়। এদিন এই উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে এইদিনটি পালনে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন স্বাস্থ্য মন্ত্রী সহ অন্যান্যরা। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে কলকাতার সেই অনুষ্ঠান জায়েন্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হয়েছিলো।

উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, জামুড়িয়া ও বারাবনির দুই বিধায়ক ডাঃ বিজন মুখোপাধ্যায় ও অরিজিৎ রায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান সহ অন্যান্যরা। এদিন পশ্চিম বর্ধমান জেলার উপভোক্তাদের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়ার মাধ্যমে জেলায় আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ প্রক্রিয়া শুরু হয়।অনুষ্ঠান প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম বলেন, জেলার প্রায় সাড়ে ১০ লক্ষ প্রি-ফিল্ড ফর্মের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৭ লক্ষ ফর্মের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে।

বাকি প্রায় সাড়ে ৩ লক্ষ ফর্মের ভেরিফিকেশন ও তথ্য সংগ্রহের কাজ চলছে।জেলাশাসক আরো বলেন, ভেরিফিকেশন সম্পন্ন হওয়া উপভোক্তাদের মধ্যে এদিন প্রাথমিকভাবে প্রায় ৪৩ হাজার আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ করা হয়েছে। আগামী দিনগুলিতে পর্যায়ক্রমে বাকি কার্ডগুলিও উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। জেলা প্রশাসনের পাশাপাশি ব্লক প্রশাসন ও আশা কর্মীদের মাধ্যমে গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকার উপভোক্তাদের কাছেও কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া জনকল্যাণ শিবির থেকে সংগ্রহ করা প্রায় দেড় লক্ষ ফর্মের মধ্যে আরও প্রায় ৪০ হাজার ফর্ম ডিজিটাইজেশনের মাধ্যমে কার্ড তৈরির জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান জেলাশাসক।এস পোন্নাবলম আরো জানান, যাঁরা আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় আসবেন না, তাঁদেরও স্বাস্থ্যসুরক্ষার বাইরে রাখা হবে না। তাঁদের ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’র আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ যোগ্য উপভোক্তারা আয়ুষ্মান ভারত অথবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এই দুই প্রকল্পের যে কোনও একটির মাধ্যমে স্বাস্থ্যসুরক্ষার সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *