ASANSOL

ভারী বর্ষণে ফুলেফেঁপে উঠছে দামোদর মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল

*বেঙ্গল মিরর, আসানসোল ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে। তার জেরে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। জানা গেছে, মঙ্গলবার মাইথন থেকে সাড়ে ৬ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৫৬ হাজার কিসের জল ছাড়া হয়।অন্যদিকে, ঝাড়খণ্ড ও পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জেরে বাড়ছে দামোদর নদীর জলস্তর। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার কারণে দুর্গাপুর ব্যারেজেও জলস্তর বাড়ছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে। সেচ দপ্তর সূত্রে খবর, বর্তমানে প্রায় ৬৪ হাজার ৩২৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে।তবে এই মুহূর্তে জল ছাড়ার কারণে প্লাবন বা বড় ধরনের বিপদের আশঙ্কা নেই বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে এবং পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার হার বাড়ানো হতে পারে।পরিস্থিতির দিকে নজর রেখে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নিম্ন দামোদর অববাহিকায় সাধারণ মানুষকে নামতে দেওয়া হচ্ছে না। নদী সংলগ্ন এলাকাগুলিতেও নজরদারি বাড়িয়েছে রাজ্য সরকার। দামোদর নদী সংলগ্ন সব জেলার প্রশাসনকে সরকারের তরফে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *