ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বাংলা-ঝাড়খণ্ড সীমানায় সালানপুর পুলিশের অভিযান এক কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার পুলিশ । গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার সকালে বাংলা-ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন ধানগুড়ি কাশিডাঙা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল সালানপুর থানার পুলিশ। ঘটনায় পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।পুলিশ সূত্রে জানা গেছে, সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে এবং রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ সুমঙ্গল সরকারের তৎপরতায় বিশেষ দল গঠন করা হয়।

বুধবার সকাল থেকেই বাংলা-ঝাড়খণ্ড সীমানা এলাকায় নজরদারি চালাচ্ছিলেন পুলিশকর্মীরা। বেলা ১২টা নাগাদ একটি সন্দেহজনক পিকআপ ভ্যান বাংলা ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার চেষ্টা করছিলো। ধানগুড়ি মোড়ের কাছে পুলিশের দল ভ্যানটিকে ঘিরে ধরে আটক করে। ভ্যানে তল্লাশি চালিয়ে প্রথমে বেশ কিছু সিগারেটের কার্টুন দেখতে পান পুলিশকর্মীরা।

কার্টুন সরাতেই তার ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয়। মোট ৫১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ জানায় ।এই ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে সালানপুর থানায় নিয়ে যাওয়া হয়।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকটি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচার করার পরিকল্পনা ছিল এবং এই আন্তঃরাজ্য চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।বাংলা-ঝাড়খণ্ড সীমানায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য বলে দাবি করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *