ASANSOLDURGAPUR

দুর্গাপুরে বাসে যাত্রীর ব্যাগে চুরির ঘটনার তদন্ত, ধৃত এক মহিলা, ১৫০ গ্রাম সোনার গয়না উদ্ধার পুলিশের,

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাসে চুরির ঘটনার তদন্তে নেমে সাফল্য পেলো দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। বাস যাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির ঘটনায় তদন্তে নেমে এক মহিলাকে গ্রেফতার করার পাশাপাশি প্রায় ১৫০ গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট দুর্গাপুরের রায়ডাঙার বাসিন্দা বানু শেখ মুচিপাড়া থেকে বাসে উঠে বাঁকুড়া মোড়ের দিকে যাচ্ছিলেন। তাঁর পাশে এক মহিলা বসেছিলেন। বাঁকুড়া মোড়ে বাস থেকে নামার সময় বানু শেখ লক্ষ্য করেন, তাঁর ব্যাগ থেকে দুটি সোনার বালা উধাও হয়ে গেছে।এরপরই তিনি কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

বাঁকুড়া মোড় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আসানসোলের হিরাপুর থানার বার্নপুর এলাকা থেকে কল্যাণী বেদ নামে এক মহিলাকে গত ১৬ আগস্ট গ্রেফতার করা হয়। ধৃত মহিলাকে আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন নাকচ করে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে। পরে ধৃতর কাছ থেকে চুরি যাওয়া প্রায় ১৫০ গ্রাম সোনা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায় । পুলিশ হেফাজত শেষে বুধবার আবার দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতকে পেশ করে কোকওভেন থানার পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *