Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

টাকার লোভে মাকে সিঁড়িতে মাথা ঠুকে খুনের অভিযোগ, দাদার বিরুদ্ধে থানায় অভিযোগ ভাইয়ের চাঞ্চল্য আসানসোলে

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* টাকার লোভে মাকে বাড়ির সিঁড়ির মধ্যে মাথা ঠুকে খুন করার অভিযোগ উঠল বড়ছেলের বিরুদ্ধে। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি ক্যান্টিন পাড়ায়। মৃতার নাম বৈশাখী হেমব্রম ( ৭২)। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। পরে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার বড়ছেলে রাজীব হেমব্রমকে পুলিশ আটক করেছে। বাকি বাড়ির লোকেদের সঙ্গে পুলিশ কথা বলেছে।মৃতার ছোট ছেলে জয়ন্ত হেমব্রমের অভিযোগ, তাঁর দাদা রাজীব হেমব্রম টাকার জন্য মাকে খুন করেছেন।

জয়ন্তের দাবি, তাঁর বাবা ইসিএলের কর্মী ছিলেন। বাবার মৃত্যুর পর তাঁর চাকরি অথবা ৪০ লক্ষ টাকা দেওয়ার দাবি করছিলেন রাজীব। সেইজন্য বেশ কিছু দিন ধরে রাজীবের সঙ্গে মায়ের বিবাদ চলছিল বলে এদিন জয়ন্ত বলেন।তিনি আরো বলেন, আমি কোয়ার্টারে ছিলাম এদিন সকালে। সেই সময় টাকা নিয়ে বিবাদের জেরেই রাজীব তাঁর মাকে বাড়ির সিঁড়ির মধ্যে মাথা ঠুকে ঠুকে মারধর করেন।

সেই আঘাতের জেরে বৈশাখী হেমব্রম গুরুতর জখম হন ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাড়িতে এসে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

ডিসিপি ( সেন্ট্রাল) বলেন, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার সঙ্গে টাকা নিয়ে বড়ছেলের একটা বিবাদ চলছিল বলে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ এবং মৃত্যুর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বড়ছেলেকে আটক করে জেরা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ আরো স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *