Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের প্রতিবাদ, আসানসোলে মহকুমাশাসককে ঘেরাও, বিক্ষোভ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের মধ্যে ক্ষোভের আঁচ ক্রমেই বাড়ছে। ক্ষুব্ধ সুবিধাভোগী মহিলাদের বিক্ষোভ প্রতিবাদ বুধবার গিয়ে পড়লো আসানসোলের মহকুমাশাসক বা এসডিও ( সদর) কার্যালয়ে। তারা সরাসরি এসডিওর চেম্বারে গিয়ে এসডিও সাধন দেবনাথকে ঘেরাও করে প্রতিবাদ জানান। প্রায় দু ঘণ্টা ধরে চলা এই প্রতিবাদ চলাকালে কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলারা জড়ো হয়েছিলেন। স্বাভাবিক ভাবেই যা নিয়ে এসডিও অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিন প্রতিবাদকারীরা মহিলারা বলেন, আমরা গত তিন মাস ধরে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। অনলাইনে, অফলাইনে এবং শিবিরের মাধ্যমে আবেদন করা সত্ত্বেও আমরা এখনও আমাদের টাকা পাইনি। তারা আরো বলেন, আমরা এদিন মহকুমাশাসকের অফিসে কাউন্টারে আসি। সেখানে থাকা কর্মীর কাছে জানতে চাই, আমাদের আবেদন এখন কি অবস্থায় আছে। তখন তিনি বলেন, আবেদনে অনুমোদন পাওয়া গেছে।

কিন্তু কবে টাকা পাবো তা তিনি বলতে পারেননি। তখন আমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে মহকুমাশাসকের চেম্বার যাই। এদিন তাদের আরো অভিযোগ, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সত্ত্বেও তাঁরা এখনও সুবিধা পাচ্ছেন না। যার ফলে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।গোটা পরিস্থিতি সামাল দিতে মহকুমাশাসক তাঁদের সঙ্গে কথা বলেন।

তিনি চেম্বারে থাকা মহিলাদের সমস্যার কথা শোনেন। মহকুমাশাসক মহিলাদের বলেন, আমার এই ক্ষেত্রে তেমন কিছু করার নেই। সরকার যেমন নির্দেশ দেবে, তেমন হবে। তবে যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। তিনি মৌখিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর প্রতিবাদকারীরা তাঁদের বিক্ষোভ শেষ করে ফিরে যান। তারা দাবি করেছেন যে, তাঁদের সমস্যার যত দ্রুত সম্ভব সমাধান করা হোক এবং অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *