দুর্গাপুরে ছাদের টিন কেটে সোনার দোকানে দুঃসাহসিক চুরি লুঠ ১০ লক্ষ টাকার সামগ্রী, তদন্তে পুলিশ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর , রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের শিবাজী আমতলা সংলগ্ন একটি সোনার দোকানে ছাদের টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। মঙ্গলবার রাতে এই চুরির ঘটনাটি ঘটে। বুধবার সকালে এই চুরির ঘটনার কথা জানাজানি হওয়ার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে থাকা সিন্দুকটি ১০০ মিটার দূরে ভাঙা অবস্থায় পাওয়া যায়। চোরেরা দোকানের আলমারিতে থাকা বেশকিছু পুরনো ও নতুন কাঁসা ও পিতলের বাসন এবং সিন্দুক থেকে ১৫ গ্রামের মতো সোনার গয়না ও ৩ কিলো মতো রুপোর গয়না লুঠ করেছে। সবমিলিয়ে ১০ লক্ষ টাকার সামগ্রী চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে দোকান মালিক পিন্টু পাল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।














দুর্গাপুর থানার পুলিশ খবর পেয়ে দোকানে আসে ও চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।জানা গেছে, গত কুড়ি বছর ধরে শিবাজি এলাকায় সোনার দোকান চালাচ্ছেন পিন্টু পাল। তিনি বলেন, এর আগে এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি। আমি মঙ্গলবার দুপুরে দোকান বন্ধ করে বাড়ি যাই। বিকেলে আর দোকান খুলিনি। এদিন সকালে দোকান খুলে দেখি ছাদের থেকে আলো ভেতরে ঢুকছে। স্বাভাবিক ভাবেই একটু ঘাবড়ে যাই।

দেখি ছাদের টিন কাটা রয়েছে। তারপর দেখি দোকানের ভেতরে সিন্দুক নেই। পেছনে দরজা বাইরে থেকে বন্ধ। আলমারি ফাঁকা। বুঝতে পারি, ছাদ বা চালের টিন কেটে দুষ্কৃতিরা ঢুকে লোহার সিন্দুক সহ সমস্ত কিছু নিয়ে গেছে। পরে সিন্দুকটা ভাঙ্গা অবস্থায় দোকানের পিছন দিকে ১০০ মিটার দূরে পাওয়া যায়।
পাশাপাশি বেশ কিছু নতুন পুরনো কাঁসা-পিতলের বাসনা চুরি গেছে বলে তিনি জানান। চুরি হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ আসে। পুলিশ জানায়, আশেপাশের এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


