ASANSOLDURGAPUR

আসানসোল দুর্গাপুর পুলিশের ডিডির অভিযান জামুড়িয়ায় পরিত্যক্ত কোয়ার্টারে অবৈধ অস্ত্রের বিশাল ভাণ্ডারের হদিশ

*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুড়িয়ায় ইসিএলের পরিত্যক্ত কোয়ার্টারে অবৈধ অস্ত্রের বিশাল ভান্ডারের হদিশ মিললো। অবৈধ অস্ত্র ও অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা ডিডির একটি দল এবং জামুরিয়া থানার পুলিশ যৌথভাবে বুধবার রাত দেড়টা নাগাদ জামুরিয়া ইসিএলের নর্থ সিয়ারসোল কোলিয়ারির একটি পরিত্যক্ত দোতলা কোয়ার্টারে অভিযান চালিয়ে এই ভান্ডারের খোঁজ পায়।জানা গেছে, জামুরিয়া থানার মামলা নং ২১৯/২৬ তারিখ ৮.৬.২৬ মামলা নং ৩০৩(২), ৩১৭(২), ৩১৭(৪), ৩১৭(৫), ৬১(২)/৩(৫) বিএনএসের ধারায় বর্তমানে পুলিশ হেফাজতে থাকা এক অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ডিডি ও পুলিশ এই অভিযান চালায়।

এই অভিযানে ১টি দেশি ৭ এমএম পিস্তল, ১টি দেশি রিভলবার, ২টি দেশি পাইপ গান এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে, পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের এক আধিকারিক বলেন, এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলোর উৎস, এগুলোর ব্যবহার ও এর সাথে জড়িত বৃহত্তর চক্র সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *