ASANSOL

অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি এবার কুলটিতে মহিলাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পর্যন্ত না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। শনিবার সকালে তারা আসানসোলে কুলটি থানার রামনগর এলাকায় কল্যানেশ্বরী বরাকর রোড অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।প্রসঙ্গতঃ, রাজ্যে বিজেপির তরফে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে রাজ্যের মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী বহু মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন।

পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি কুলটির বহু মহিলাও এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়লেও এখনও বহু আবেদনকারী টাকা পাননি বলে অভিযোগ। সেই ক্ষোভ থেকেই শনিবার বরাকরের রামনগর এলাকায় মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।বিক্ষোভকারী কমলি ঘোষ, রিতা পাল সহ অন্য মহিলাদের অভিযোগ, আবেদন করার পরও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জানতে চেয়েও স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না।

তাঁদের দাবি, যোগ্য আবেদনকারীদের দ্রুত অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।মহিলাদের রাস্তা অবরোধের জেরে এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে। খবর পেয়ে কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

বিক্ষোভকারীরা বলেন, সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে গত কয়েক দিন ধরে ক্ষোভ – বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। আবেদনকারীদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে তাঁদের প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করুক।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *