ASANSOLDURGAPUR

দুর্গাপুরে জওহরলাল নেহেরুর মূর্তি জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ! ক্ষোভ প্রকাশ কংগ্রেসের

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তি ক্রেন দিয়ে তুলে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়লেন দুর্গাপুরের কংগ্রেস নেতৃত্ব । রবিবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে ইস্পাত নগরী দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে ।জানা গেছে, দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে রয়েছে একটি মেডিটেশন সেন্টার। কংগ্রেসের দাবি, ঐ সেন্টারের সামনেই পণ্ডিত জওহরলাল নেহেরুর একটি মূর্তি ছিল। অভিযোগ, রাখি বন্ধন অনুষ্ঠানের জন্য জায়গা দরকার ছিল। তাই ক্রেন দিয়ে মূর্তিটি তুলে পাশের হর্ষবর্ধন স্কুলের জঙ্গলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে কংগ্রেস।

তাদের প্রশ্ন, দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তির সঙ্গে এমন আচরণ কেন? রবিবার কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, নেহেরুর মূর্তি এই ভাবে ফেলে দেওয়া হয়েছে। সেখানে রাখি বন্ধনের অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়কও ছিলেন। নেহেরুর এই অপমান আমরা মানব না।পুলিশকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা আন্দোলনে নামব।

এই প্রসঙ্গে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,কংগ্রেসের দুটো গোষ্ঠী রয়েছে। একটা গোষ্ঠী চোর তৃণমূলে যোগ দিয়েছে। আর ঐ তৃণমূলীরাই জহরলাল নেহেরুর মূর্তি ফেলে দিয়েছে। আর তার প্রতিবাদে বিক্ষোভ করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে কংগ্রেস।পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *