দুদিনের সফরে ধানবাদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কল্যাণেশ্বরী মন্দিরে দিলেন পুজো, ঝরিয়া ও বিসিসিএল আধিকারিকদের সঙ্গে আলোচনা
*বেঙ্গল মিরর, আসানসোল ও ধানবাদ, রাজা বন্দোপাধ্যায়ঃ* দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা তরুণ কাপুর দুদিনের (৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ সফরে সোমবার ঝাড়খন্ডের ধানবাদে এসেছেন। সোমবার ও মঙ্গলবার তার এই দুদিনের সফরের মূল উদ্দেশ্য হলো ভারত কোকিং কোল লিমিটেড বা বিসিসিএলের কয়লাখনি গুলি পরিদর্শন করা। ঝরিয়া অঞ্চলে দীর্ঘ কয়েক দশক ধর ভূগর্ভস্থ কয়লাখনির আগুনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন কাজের একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা করা।সফরের শুরুতেই এদিন দুর্গাপুরের অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে অবতরণ করেন তরুণ কাপুর।














তারপর তিনি সেখান থেকে সরাসরি বিখ্যাত শক্তিপীঠ মা কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছান। সেখানে তিনি প্রথা মেনে পুজো দেন । মন্দির চত্বরে বিসিসিএলের ঊর্ধ্বতন আধিকারিকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।পুজো দেওয়ার পর তিনি মাইথন ড্যামের কাছে মজুমদার নিবাসে যান। সেখানে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির প্রকল্প প্রধান এবং উপ-মহাব্যবস্থাপক তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। সেখানে ধানবাদের এসএসপি প্রভাত কুমার সহ বেঙ্গল ও ঝাড়খণ্ড পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন।

তরুণ কাপুরের এই দুদিনের সফরে রয়েছে কয়লা ও শক্তি প্রকল্পের সরজমিনে খতিয়ে দেখা। মুনিডিহ এলাকায় কোল বেড মিথেন (সিবিএম) প্রকল্প এবং আধুনিক ভূগর্ভস্থ খনি প্রযুক্তি ‘লংওয়াল’ প্রকল্পের কর্মপদ্ধতি ও অগ্রগতি পরিদর্শন। এনা ফায়ার প্রজেক্টের (কুস্তৌর) ঝরিয়া এলাকায় ভূগর্ভস্থ আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন তরুণ কাপুর। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবেন তিনি।
এছাড়াও পুনর্বাসন ও ঝরিয়া মাস্টার প্ল্যানের পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বেলগড়িয়া ও কর্মাটাঁড় পুনর্বাসন এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলির পুনর্বাসন, নতুন নির্মিত আবাসন কলোনি, পরিকাঠামো এবং নাগরিক সুযোগ-সুবিধার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার কথা তার। এছাড়াও ঝরিয়া পুনর্বাসন ও উন্নয়ন কর্তৃপক্ষের (জেআরডিএ) অধীনে ‘ঝরিয়া মাস্টার প্ল্যান’-এর বাস্তবায়ন এবং অগ্রগতির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবেন তিনি।
কয়লা ভবন বা বিসিসিএলের সদর দপ্তরে বিসিসিএল এবং কোল ইন্ডিয়ার শীর্ষ ব্যবস্থাপনার সাথে কয়লা উৎপাদন, নিরাপত্তা মান, অবৈধ কয়লা উত্তোলনে বাধা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করার কথা তার।এর পাশাপাশি, ধানবাদের জেলাশাসক কার্যালয়ে জেলা প্রশাসন, রেলওয়ে, এনএইচএআই এবং টেলিকম বিভাগের কর্মকর্তাদের সাথে আন্তঃবিভাগীয় পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পগুলি নিয়ে উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক করবেন তিনি।
প্রসঙ্গতঃ, ঝরিয়া এলাকায় জটিল ভূগর্ভস্থ আগুন, ধসের চ্যালেঞ্জ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নিরাপদ পুনর্বাসনের স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সরাসরি নিচুতলায় পরিস্থিতি মূল্যায়ন করছে। যাতে নীতিগত স্তরে দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সেই দিকে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রীর উপদেষ্টার এই দুদিনের সফর বলে ওয়াকিবহাল মহল মনে করছে।


