ASANSOLDURGAPUR

নেহরুর মূর্তি জঙ্গলে ফেলে দেওয়ার ঘটনায় অধরা দুষ্কৃতীরা গ্রেফতারের দাবিতে দুর্গাপুরে এসডিও অফিসে কংগ্রেসের বিক্ষোভ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি ক্রেন দিয়ে তুলে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আবারও মঙ্গলবার উত্তপ্ত দুর্গাপুর। জঙ্গল থেকে মূর্তিটি তুলে এলে আবার নিজের জায়গায় পুনঃস্থাপন করা হলেও এখনও ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়নি। এই প্রশ্ন তুলে ও তাদেরকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার দুর্গাপুরের মহকুমাশাসক বা এসডিও অফিসে সামনে তুমুল বিক্ষোভ দেখাল কংগ্রেস। তার আগে দলের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেসের নেতা ও কর্মীরা একটি মিছিল করেন।

সেই মিছিল এসডিও অফিসের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ সামাল দিতে এদিন এসডিও অফিসে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিলো। কংগ্রেসের জেলা সভাপতির অভিযোগ, দুর্গাপুর ইস্পাতনগরীর এ-জোনের হর্ষবর্ধন এলাকায় নেহরুর মূর্তিটি ক্রেনের সাহায্যে সরিয়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল।

ঘটনার পর প্রশাসনের উদ্যোগে মূর্তিটি ফের আগের জায়গায় বসানো হলেও, দুষ্কৃতীরা এখনও অধরা রয়েছে৷ কেন তাদেরকে ধরা হচ্ছে না, এই প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস। তিনি আরো বলেন, আমরা ২৪ ঘন্টা সময় দিয়েছিলাম। কিন্তু পুলিশ কোন কিছু করেনি। এবার আরো বড় আন্দোলন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *