Tuesday, September 1, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 1, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

তৃণমূল সরকারের ” আমার পাড়া আমার সমাধান ” কাজ করে বিপাকে আসানসোল পুরনিগমের ৪০০ ঠিকাদার, বকেয়া ২৭ কোটিরও বেশি, ডিএমের দ্বারস্থ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* তৃণমূল কংগ্রেসের সরকারের একেবারে শেষ দিকে এলাকার উন্নয়নের গতি আনতে ” আমার পাড়া আমার সমাধান ” নামে নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছিলো। পাড়ায় পাড়ায় শিবির করে এলাকার বাসিন্দাদের মতামত নিয়ে এই প্রকল্পের কাজ হয়েছিল। কিন্তু, সরকার বদল হওয়ার পরে সেই প্রকল্পে কাজ করা আসানসোল পুরনিগমের প্রায় ৪০০ ঠিকাদার বিপাকে পড়েছেন। তারা সেই কাজের জন্য বকেয়া টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করা হয়েছে। সেই বকেয়া টাকার পরিমাণ ২৭ কোটি টাকারও বেশি মঙ্গলবার ঠিকাদারদের তরফে দাবি করা হয়েছে।

টাকা না পেয়ে আসানসোল পুরনিগমের ঠিকাদাররা মঙ্গলবার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম কার্যালয়ে আবেদন জানাতে আসেন।ঠিকাদারদের দাবি, নির্বাচনের আগে পূর্ববর্তী সরকারের আমলে করা কাজের জন্য তাঁরা এক পয়সাও পাননি।ঠিকাদার হরবিন্দর সিং ও সুমিত রায় এদিন বলেন, আমরা এই প্রকল্পের কাজ করতে চাইনি।

পরে, চাপ দিয়ে, অনেকটা হুমকির সুরে আমাদেরকে দিয়ে এই কাজ করানো হয়েছে। প্রথমদিকে কাজ করার পরে আমরা কিছু টাকা পাই। তখন আমাদেরকে সরকারি কাগজ দেখিয়ে বলা হয়েছিলো, টাকা আছে। সেই মতো আমরা কাজ করি। কিন্তু তার টাকা পাইনি। এটা আমাদের চরম দুর্ভোগে ফেলেছে। তাই, আমরা এদিন টাকা দেওয়ার অনুরোধ জানাতে আমরা জেলা জেলাশাসকের কাছে এসেছি।

তারা বলেন , এই বিষয়ে আমরা মন্ত্রী এবং পুর কমিশনারের সঙ্গে দেখা করেছিলাম। কিন্তু প্রত্যেকের কাছ থেকেই কেবল ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’ এমন উত্তর পেয়েছি। কোন টাকা দেওয়া হয়নি। টাকা না পাওয়ায় ঠিকাদারদের জন্য একটি বড় সমস্যা তৈরি হয়েছে। হরবিন্দর সিং বলেন, সামনেই পুজো। এখন আমরা যদি টাকা না পাই, তাহলে কিভাবে টাকা পরিশোধ করবো? আমরা বাকিতে মালপত্র কিনেছি।

রাজমিস্ত্রিদের টাকা দিতে হবে। সবকিছুই বকেয়া রয়েছে। এমন পরিস্থিতিতে ঠিকাদাররা প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব তাদের বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন। যাতে তারা তাদের টাকা মিটিয়ে দিতে পারেন।ঠিকাদারদের দাবি নিয়ে আসানসোল পুরনিগম ও জেলাশাসক কার্যালয়ের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *