ASANSOL

প্রবল বৃষ্টিতে নুনিয়া নদীর জলে ডুবল রানীগঞ্জের হাড়াভাঙা ও কোয়ারডি ব্রিজ, বিচ্ছিন্ন ২০টি গ্রাম, চরম দুর্ভোগে হাজারো মানুষ

*বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ:* টানা বৃষ্টিতে ফের ভয়াবহ দুর্ভোগ রানীগঞ্জে। জলের তলায় চলে গেল রানীগঞ্জের ঐতিহ্যবাহী হাড়াভাঙা ব্রিজ ও কোয়ারডি ব্রিজ। নুনিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এর জেরে রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাড়াভাঙা অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রায় ১৫-২০টি গ্রামের।*জলের তলায় তালগাছ, পাইপলাইন ডুবে বিপত্তি*স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর জল এতটাই বেড়েছে যে ব্রিজের উপর দিয়েই বইছে স্রোত।

ব্রিজ সংলগ্ন পানীয় জলের পাইপলাইনের উপর দিয়েও জল বইতে দেখা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ব্রিজের পাশে থাকা বড় বড় গাছ, এমনকি তালগাছ পর্যন্ত জলের তলায় চলে গিয়েছে। নিত্যযাত্রী, স্কুলপড়ুয়া ও রোগীদের যাতায়াত কার্যত বন্ধ।*দীর্ঘদিনের সমস্যা, মেলেনি সমাধান*এলাকাবাসীর অভিযোগ, এটি নতুন কোনও ঘটনা নয়।

প্রতিবছর বর্ষাতেই এই দুটি ব্রিজ জলমগ্ন হয়ে যায়। এটি একটি দীর্ঘ প্রাচীন সমস্যা। বহুবার এই ব্রিজ দুটি মেরামত ও উঁচু করে নতুনভাবে নির্মাণের দাবি তুলেছেন তাঁরা। এ নিয়ে বেশ কয়েক দফায় বিক্ষোভ-আন্দোলনও হয়েছে। একাধিক রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ।*মন্ত্রীর আশ্বাসে তাকিয়ে এলাকাবাসী*বর্তমানে এই এলাকার বিধায়ক তথা রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি জানিয়েছেন, এই বর্ষা মিটলেই এই দুটি ব্রিজকে নতুনভাবে, আরও উঁচু ও মজবুত করে গড়ে তোলা হবে যাতে সাধারণ মানুষ ও যান চলাচলে আর কোনও সমস্যা না হয়।আপাতত মন্ত্রীর সেই আশ্বাসের দিকেই তাকিয়ে রয়েছেন হাজারো গ্রামবাসী। কবে নতুন ব্রিজ হবে, কবে স্বাভাবিক হবে তাঁদের জীবনযাত্রা— সেই অপেক্ষাতেই দিন গুনছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *