ASANSOL

ছেলের পরে এবার বাবা আসানসোলে মাদক চক্রের আরো এক পান্ডা গ্রেফতার, উদ্ধার ৩০০ গ্রাম ব্রাউন সুগার

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তিন দিন আগে ছেলে গ্রেফতার হয়েছিল। এবার গ্রেফতার হলেন বাবা। আসানসোলে মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহস্পতিবার এই গ্রেফতারি করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ বা এডিপিসির গোয়েন্দা দপ্তর বা ডিডি। ধৃতর নাম মহঃ মুক্তার। ধৃত প্রৌঢ়র বাড়ি ঝাড়খণ্ডের কুমারডুবিতে। তার কাছ থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হবে।

জানা গেছে, মাদক পাচার সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার দুপুর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (এডিপিসি) গোয়েন্দা বিভাগ বা ডিডির একটি দল আসানসোলের জিটি রোডের বাস স্ট্যান্ড সংলগ্ন ওল্ড ডুরান্ড সিনেমা হলের কাছে অভিযান চালায়। সেই অভিযানে মহঃ মুক্তারকে আটক ডিডির অফিসাররা। তার কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

এরপরে তাকে গ্রেফতার করা হয়েছে।ধৃত এই ব্যক্তি মাদক মামলায় অভিযুক্ত মহঃ দানিশের বাবা। যাকে মাত্র তিন দিন আগেই গ্রেফতার করা হয়েছে ।ডিডির তরফে বলা হয়েছে, এই মাদকের সরবরাহকারী চেন বা চক্রকে খুঁজে বার করা হবে। এই চক্রটিকে ভেঙে দিতে এখন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।প্রসঙ্গতঃ, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা ডিডি গত ৩০ আগষ্ট রবিবার রাতে একটি দল আসানসোল উত্তর থানার লালগঞ্জ-জুবিলি রোডের রায় ময়দানের কাছে একটি মারুতি সুজুকি এর্টিগা গাড়ি আটক করে।

এই ঘটনায় মহঃ দানিশ সহ দুজনকে গ্রেফতার করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রামেরও বেশি ‘ব্রাউন সুগার’ উদ্ধার করা হয়। বর্তমানে এই দুজন সাতদিনের পুলিশ রিমান্ডে আছে। রিমান্ডে দানিশকে জেরা করে এই চক্রের পান্ডা হিসেবে ডিডির অফিসাররা তার বাবার কথা জানতে পারেন। তারপর, বৃহস্পতিবার ডিডির হাতে আসে এই সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *