ASANSOLKULTI-BARAKAR

দুই টোটো চালককে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, কুলটিতে ফাঁড়িতে বসে বিক্ষোভ

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুই টোটো চালককে আটক করে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠলো। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কুলটির শাঁকতোরিয়া পুলিশ ফাঁড়িতে। ঘটনার প্রতিবাদে ফাঁড়ির ভিতরেই বসে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ ও কংগ্রেস নেতৃত্ব।জানা গেছে, বুধবার রাতে একটি ঝামেলার ঘটনাকে কেন্দ্র করে শাঁকতোরিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ দুই টোটো চালককে আটক করে নিয়ে আসে। অভিযোগ, ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর তাদের বেধড়ক মারধর করা হয়। এই অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে এলাকার মানুষ শাঁকতোরিয়া ফাঁড়িতে গিয়ে তুমুল বিক্ষোভ শুরু করেন। প্রতিবাদে সামিল হন স্থানীয় কংগ্রেস নেতৃত্বও। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ও প্রতিবাদ। এলাকার বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *