ম্যানহোলে আর নামতে হবে না সাফাই কর্মীদের, রোবোটিক্সে জোর রাজ্যের দুর্গাপুরে সিএমইআরআইয়ের অনুষ্ঠানে বললেন অগ্নিমিত্রা পাল
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ম্যানহোল কিংবা বিপজ্জনক নর্দমায় জীবনের ঝুঁকি নিয়ে আর সাফাই কর্মীদের নামতে হবে না। যে ঠিকাদার বা এজেন্সি এই কাজ করাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এফআইআরও করা হবে। পরিচ্ছন্নতা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও রোবোটিক্স ব্যবহারের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দুর্গাপুরের সিএমইআরআইতে সাফাই কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেন, ম্যানহোল পরিষ্কারের ক্ষেত্রে মানুষের পরিবর্তে আধুনিক যন্ত্র ও রোবোটিক প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে।














ইতিমধ্যেই বিশেষ ধরনের অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ম্যানহোল থেকে সাকশন পদ্ধতিতে স্লাজ ও বর্জ্য তুলে আনার কাজ শুরু হয়েছে। একইসঙ্গে স্লাজ ও পরিষ্কার জল আলাদা করার ব্যবস্থাও রয়েছে। ফলে কর্মীদের ম্যানহোলের ভিতরে না নামিয়েই পুরো কাজ করা সম্ভব।
এই প্রযুক্তিকে আরও উন্নত করতে সিএমইআরআইয়ের সঙ্গে রাজ্য সরকারের মউ চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অগ্নিমিত্রা পাল। এদিন তিনি আরো বলেন, রাজ্যের ১২৪ টি পুরসভা ও তিনটি বোর্ডের সাফাই কর্মীদের একটা ডাটাবেস তৈরি করা হয়েছে। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।


