ASANSOL

আবর্জনা ও থুতু ফেলায় এবার কড়া নজর, আসানসোলের ১০ টি বোরোতে ‘এএমসি সিটি ওয়াচ’ উদ্বোধনে মন্ত্রী

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার আরো কড়া নজরদারি ব্যবস্থা চালু করলো আসানসোল পুরনিগম। রাস্তার ধারে আবর্জনা ফেলা, যত্রতত্র থুতু ফেলা, প্রকাশ্যে প্রস্রাব করা সহ শহরের বিভিন্ন প্রান্তের অপরিচ্ছন্নতা চিহ্নিত করতে এবার থেকে রাস্তায় ঘুরবে ‘এএমসি সিটি ওয়াচ’ গাড়ি। আসানসোল পুরনিগমের প্রতিটি বোরো এলাকায় একটি করে মোট ১০টি এই ওয়াচ গাড়ি নজরদারি চালাবে।শনিবার সকালে আসানসোলের এসবি গড়াই রোডের রামসায়ের ময়দানে এই এএমসি সিটি ওয়াচ গাড়ির সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের পুর কমিশনার দিলীপ মিশ্র সহ পুরনিগমের আধিকারিকরা।উদ্বোধনের পর মন্ত্রী বলেন, আসানসোল পুরনিগমকে ‘এএমসি সিটি ওয়াচ’ নামে গাড়ি দেওয়া হয়েছে। আসানসোল পুরনিগমের ১০ টি বোরোর প্রত্যেকটি বোরোতে একটি করে গাড়ি থাকবে। এই গাড়িগুলি ঘুরে ঘুরে মনিটর করবে কোথায় ময়লা পড়ে রয়েছে, কোথায় মানুষ থুতু ফেলছে এবং কোথায় অপরিচ্ছন্নতা তৈরি হচ্ছে।তিনি আরও বলেন, শুধু পরিষ্কার করার জন্য এই গাড়িগুলি নয়।

এই গাড়ির মূল কাজ হল নজরদারি করা এবং মনিটর করা। পুরো শহরের পরিস্থিতির উপর নজর রাখবে এই গাড়িগুলি। প্রত্যেকটি বোরোতে একটি করে গাড়ি দেওয়া হয়েছে। এদিন থেকেই কাজ শুরু হয়ে গেল। পুরনিগম সূত্রে জানা গেছে, সিটি ওয়াচ গাড়ির মাধ্যমে বিভিন্ন এলাকায় ঘুরে অপরিচ্ছন্নতার জায়গাগুলি চিহ্নিত করা হবে।

কোথায় নিয়মিত আবর্জনা জমছে, কোথায় নাগরিকরা প্রকাশ্যে থুতু বা প্রস্রাব করছেন কিংবা কোথায় পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা রয়েছে, সেগুলি নজরে এনে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। এরপর সেই মতো পুরনিগমের সাফাই কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেনপুরনিগমের এই উদ্যোগে শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থা আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে নাগরিকদেরও প্রকাশ্যে আবর্জনা ফেলা বা অপরিচ্ছন্নতা তৈরি করা থেকে বিরত রাখতে এই নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *