ASANSOLDURGAPUR

পচা মিষ্টি! ফ্রিজে বাসি তরকারি দোকানে দুর্গাপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ক্রেতাদের পাতে যাওয়ার আগেই খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে ধরা পড়ল পচা মিষ্টি ও বাসি খাবার। ফ্রিজ খুলতেই পাওয়া গেলো দীর্ঘক্ষণ ধরে মজুত রাখা বাসি তরকারি। শনিবার দুর্গাপুরের ভিরিঙ্গি থেকে বেনাচিতি পর্যন্ত একাধিক দোকান ও খাদ্যদ্রব্য বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এমনই ছবি সামনে এল। অভিযানের সময় দোকানগুলিতে খাবারের গুণমান, সংরক্ষণের পদ্ধতি এবং স্বাস্থ্যবিধি খতিয়ে দেখেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।

একাধিক দোকানের ফ্রিজ খুলতেই মেলে দীর্ঘক্ষণ ধরে মজুত রাখা বাসি খাবার। কোথাও উদ্ধার হয় পচা মিষ্টি, আবার কোথাও ফ্রিজের ভিতরে পাওয়া যায় বাসি তরকারি। ক্রেতাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওই সমস্ত খাবার বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি উদ্ধার হওয়া নষ্ট ও বাসি খাবারগুলি ফেলে দেওয়া হয়। দোকান মালিক ও কর্মীদেরও খাবার সংরক্ষণ এবং বিক্রির ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করেন আধিকারিকরা।স্বাভাবিক এদিনের এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *