কুলটির নিষিদ্ধ পল্লীতে ছিনতাইয়ের ঘটনা পুলিশের জালে দুই যুবক
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর নিষিদ্ধ পল্লী এলাকায় ছিনতাই ও মারধরের ঘটনায় আরও দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার গ্রেফতার হওয়া ধৃতদের নাম শাহরুখ খান ও মুকেশ ঠাকুর। সোমবার তাদের আসানসোল আদালতে পেশ করা হয়েছে।জানা গেছে, গত ১৫ আগস্ট বাংলার বিভিন্ন এলাকা থেকে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার রাজারাপ্পা যাওয়ার পথে কয়েকজনকে স্থানীয় দালালরা লছিপুরের দিকে নিয়ে যায়।









অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে ঐ ব্যক্তিদের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ছিনতাই করা হয়। শুধু তাই নয়, তাঁদের বেধড়ক মারধর করার পাশাপাশি চারচাকা গাড়ির চাবিও কেড়ে নেওয়ার অভিযোগ উঠে।ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের দালালদের কবল থেকে উদ্ধার করে।




পাশাপাশি তাঁদের চারচাকা গাড়িটিও ফিরিয়ে দেওয়া হয়।এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ প্রথমে বাবর খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরে রোশন খান,গোলু (অভয় গুপ্তা) কে গ্রেফতার করা হয়। আরো তদন্তে রবিবার রাতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহরুখ খান ও মুকেশ ঠাকুরকে গ্রেফতার করে পুলিশ।এই ঘটনায় এখনও আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।

