ASANSOLDURGAPUR

বন্ধ কোয়ার্টারে তালা ভেঙে দুঃসাহসিক চুরি ! নগদ ৪ লক্ষ টাকা ও সোনার গয়না লুট, দুর্গাপুরে চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কোয়ার্টার ছিলো তালাবন্ধ। গৃহকর্তা গেছিলেন শহরের বাইরে বিহারে। সেই সুযোগেই বন্ধ কোয়ার্টারের তালা ভেঙে ঢুকে পড়ে চোরেরা। কোয়ার্টার তছনছ করে নগদ প্রায় ৪ লক্ষ টাকা, সোনার গয়না সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। শুক্রবার সকালে বাড়ি ফিরে তালা ভাঙা ও ঘরের ভিতর লণ্ডভণ্ড অবস্থা দেখে কার্যত মাথায় হাত পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী মন্টু প্রসাদের। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের কাশীরাম দাস এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

খবর পেয়ে পুলিশ আসে।জানা গেছে, বাবা মারা যাওয়ার জন্য শহরের বাইরে বিহারে গিয়েছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী মন্টু প্রসাদ। শুক্রবার সকালে বাড়ি ফিরে তিনি দেখতে পান, মূল দরজার তালা ভাঙা। ঘরে ঢুকতেই চোখে পড়ে আলমারি-সহ ঘরের বিভিন্ন সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরপরে তিনি বুঝতে পারেন, বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটেছে।

অভিযোগ, বাড়ি থেকে প্রায় ৪ লক্ষ টাকা নগদ, সোনার গয়না-সহ লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। ঘটনার খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। সেই মতো ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *